Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘিতে সরস্বতী পুজোয় ৫০০’র বেশি চারাগাছ বিলি

সাগরদিঘিতে সরস্বতী পুজোয় ৫০০’র বেশি চারাগাছ বিলি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সরস্বতী পুজো উপলক্ষ্যে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে ৫০০’র বেশি চারাগাছ বিলি করলেন সাগরদিঘির একদল যুবক। মঙ্গলবার সাগরদিঘির আহেরিপাড়া সবুজ সঙ্ঘের মণ্ডপে দর্শনার্থীদের হাতে মেহগনি, লেবু ও পেয়ারার চারা তুলে দিলেন সঞ্জীব, মিঠুন, বিশ্বজিৎ, সুজনরা। ঠাকুর দেখতে এসে চারাগাছ পেয়ে খুব খুশি দর্শনার্থী রাজেশ, সুখেন, উৎপলরা। চারাগাছ বিলির পাশাপাশি সাগরদিঘি ব্লকের বিভিন্ন বাড়ি গিয়ে ২০জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ট্রাইসাইকেল দেওয়া হয়েছে।
Advertisement
নির্বিচারে গাছ কেটে ফেলার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিশ্ব উষ্ণায়ন থেকে রেহাইয়ের একমাত্র উপায় সবুজ ফিরিয়ে আনা। সেজন্য সাতবছর আগে চারাগাছ বিলি ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগ দেন রোমিও দান, জায়েদ শেখ, অমিতাভ চৌধুরী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রবিন দত্ত সহ অন্যরা। 
কয়েকবছর ধরে বিয়ে-অন্নপ্রাশনের অনুষ্ঠান, পুজো মণ্ডপ, পিকনিক স্পট, ঈদগাহের মাঠে উপস্থিত হয়ে বেশ কয়েকহাজার চারাগাছ বিলির পাশাপাশি মানুষের কাছে গাছ লাগানোর বার্তা দিয়েছেন তাঁরা। কিছুদিন আগে পিকনিকের মরশুমে মুর্শিদাবাদ থানার মোতিঝিল পার্কে ৫০০জনের হাতে ফুল ও ফলের গাছ তুলে দিয়েছেন। সেইসঙ্গে পঞ্চায়েত অফিস চত্বর, বিদ্যালয় প্রাঙ্গণ ও ফাঁকা জায়গায় গাছ লাগিয়েছেন। শুধু চারা রোপণ করেই তাঁরা দায় সারেননি। সেই গাছ কিছুটা বড় হওয়া অবধি পরিচর্যা করেছেন।
সঞ্জীব ও রবিনরা বলেন, বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, তাতে আগামী প্রজন্ম মারাত্মক বিপদে পড়বে। তাদের যাতে আমরা সুস্থ পরিবেশ উপহার দিতে পারি, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একথা মাথায় রেখে যথাসম্ভব সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা চারাগাছ রোপণ করে চলেছি। 
অন্যরাও যাতে এরকম উদ্যোগ নিতে পারেন, সেবিষয়েও আমরা চেষ্টা চালাচ্ছি। পৃথিবীকে সবুজ গাছগাছালিতে ভরিয়ে তুলতে সবাই এগিয়ে আসুন, এটাই আমরা চাই।
Advertisement
সম্পর্কিত সংবাদ