Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাগরদিঘি ও রঘুনাথগঞ্জে পৃথক দুর্ঘটনায় মৃত ২

সাগরদিঘি ও রঘুনাথগঞ্জে পৃথক দুর্ঘটনায় মৃত ২
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: সাগরদিঘি ও রঘুনাথগঞ্জ থানা এলাকায় দু’টি পথ দুর্ঘটনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মী ও এক প্রবীণ শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাগরদিঘি থানার মণিগ্রামে লরির ধাক্কায় রহিম শেখ(৪৫) নামে ওই তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মীর মৃত্যু হয়। তাঁর বাড়ি বর্ধমান জেলার আউশগ্রাম থানার বিল্লগ্রামে।
Advertisement
মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জে স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় বেসরকারি স্কুলে ভোকেশনাল শিক্ষিকা ধনশ্রী মহন্তর(৭৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি জঙ্গিপুরে। দু’টি ঘটনাতেই ঘাতক গাড়ি দু’টি অধরা রয়েছে।
রহিম শেখ এদিন সকালে সাইকেল নিয়ে তাপবিদ্যুৎকেন্দ্রে আসছিলেন। সেসময় সাগরদিঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সেখানেই বেশ কিছুক্ষণ তিনি অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। পরে তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মীরা তাঁকে সাগরদিঘি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের আত্মীয় মতিবুল শেখ বলেন, উনি বহুদিন ধরে কাজ করতেন তাপবিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ হেঁটে বাড়ি ফিরছিলেন ধনশ্রীদেবী। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই শিক্ষিকার সহকর্মীরা তাঁকে জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরিবারের লোকজন এলে চিকিৎসক ধনশ্রীদেবীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়। 
সম্পর্কিত সংবাদ