Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর শহরে একাধিক রাস্তা বেহাল, মণ্ডপে আসার পথে প্রতিমা অক্ষত থাকবে তো! উদ্বেগ

ভাঙাচোরা রাস্তা এবার মেদিনীপুর শহরের পুজো কমিটিগুলির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো রাস্তায় তৈরি হওয়া বিজ্ঞাপণের তোরণ তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

মেদিনীপুর শহরে একাধিক রাস্তা বেহাল, মণ্ডপে আসার পথে প্রতিমা অক্ষত থাকবে তো! উদ্বেগ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: ভাঙাচোরা রাস্তা এবার মেদিনীপুর শহরের পুজো কমিটিগুলির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো রাস্তায় তৈরি হওয়া বিজ্ঞাপণের তোরণ তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মৃৎশিল্পীর ঘর থেকে মণ্ডপে অক্ষত অবস্থায় প্রতিমা নিয়ে যাওয়া যাবে কিনা সেটাই এখন উদ্যোক্তাদের সামনে বড় প্রশ্ন। প্রশাসনের ডাকা বৈঠকেও একাধিক পুজো কমিটির প্রতিনিধিরা এই সমস্যার কথা তুলে ধরেন। 

Advertisement

মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় সম্প্রতি মেদিনীপুর শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁন সহ পুলিস, দমকল, বিদ্যুৎ, পূর্ত, তথ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই একাধিক পুজো কমিটি তাদের এই সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, শহরের রাস্তার যা অবস্থা তাতে মৃৎশিল্পীর ঘর থেকে মণ্ডপ পর্যন্ত প্রতিমা অক্ষত যাবেনা। বেশিরভাগ রাস্তাই ভেঙে গিয়েছে। রাস্তার ওপর বড় বড় গর্ত হয়ে গিয়েছে। পুজো এসে গেলেওও সংস্কারের কোনও উদ্যোগ নেই। তারা মহকুমা শাসককে শহরটা ঘুরে দেখারও অনুরোধ করেন। উদ্যোক্তারা বলেন, তার ওপর ছোট বড় সমস্ত রাস্তায় যেভাবে বিজ্ঞাপণের তোরণ তৈরি হয়েছে তাতে লরি করে প্রতিমা নিয়ে যাওয়ায় সমস্যা দেখা দেবে। তারা বলেন, তোরণের মাথার ওপরের অংশ খুলে না রাখলে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। প্রসঙ্গত শহরের প্রধান প্রধান রাস্তা সহ প্রায় সমস্ত রাস্তায় অসংখ্য বিজ্ঞাপণের তোরণ হয়েছে। এরফলে যানজটেরও সৃষ্টি হচ্ছে। বাসিন্দারা বলেন, যেভাবে তোরণ তৈরি হয়েছে তাতে দুর্ঘটনা ঘটার সম্ভবনাও থেকে যায়। পুরসভার এক আধিকারিক বলেন, তোরণের মাথার ওপরের অংশ খুলে রাখা উচিত। প্রতিমা মণ্ডপে চলে গেলে তারপর ওপরের অংশ লাগানো হোক। 
পুরসভার চেয়ারম্যান বলেন, পুজোর আগে সমস্ত রাস্তা যাতে সংস্কার করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। শহরের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইবাজার চক থেকে হবিবপুর ফাঁড়ি পর্যন্ত খাপ্রেলবাজারের রাস্তা ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল। বাকি কাজও শুরু হয়েছে। তিনি পুজো কমিটি গুলিকে আশ্বাস দেন পুজোর আগে সমস্ত রাস্তাই  সংস্কার করে দেওয়া হবে। প্রতিমা যাতে অক্ষত অবস্থায় মণ্ডপে যায় তার জন্য পুরসভাও তৎপর। চিন্তার কোনও কারণ নেই। পূর্ত দপ্তরের রাস্তা গুলিও যাতে পুজোর আগে সংস্কার হয়ে যায় তিনি পূর্ত দপ্তরের আধিকারিককে তা দেখার অনুরোধ করেন। চেয়ারম্যান বলেন, তোরণের জন্য যাতে সমস্যা না হয় তা পুজো কমিটিগুলিকেই দেখতে হবে।  • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ