সদ্য কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’ ছবিটি। এবার সেই ছবির সিনেমাটোগ্রাফার প্রতীক শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে মহিলাদের আপত্তিকর ছবি চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে ইন্ডাস্ট্রিতে। সদ্য পরিচালক অভিনব সিং সোশ্যাল মিডিয়ায় প্রতীকের বিরুদ্ধে অভিযোগে সরব হন। পরিচালক হংসল মেহেতা জানিয়েছেন, এই অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত। ছবির প্রযোজনা সংস্থা তথা করণ জোহরের ধর্মা প্রোডাকশনের তরফে বলা হয়েছে, ‘এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলি। ওই সিনেমাটোগ্রাফারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে।’ যদিও অভিযোগ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি প্রতীক। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি।



