অভিজিৎ চৌধুরী চুঁচুড়া
অভিজিৎ চৌধুরী চুঁচুড়া
সাবেক ড্যানিস কলোনি শ্রীরামপুরের পুজো এমনিতেই নজরকাড়া। ২০২৫ সালে এসে সেখানে আধুনিক ও সমাজচেতনায় সমৃদ্ধ থিমভাবনার রমরমা। কিছু পুজো উদ্যোক্তাদের বাদ দিলে অধিকাংশ বিগ বাজেটের পুজোতেই এবার ভাবনামূলক থিমের বাহার। ভাবনার প্রবাহের পথ ধরেই দর্শকদের মণ্ডপে টেনে আনতে ‘বাক্সবন্দি জীবন’, ‘মা মোদেরও’— এমন সব থিম অবয়ব পাচ্ছে। শহুরে পিচঢাকা রাস্তার পাশে গড়ে উঠছে মূর্ত, বিমূর্ত নানা শিল্পকর্ম সমৃদ্ধ মণ্ডপ। তাতে থাকছে বাহারি অন্দর-বাহির সজ্জা। ঐতিহ্যের শহরে, বর্ণমালার আকারপ্রাপ্তির শহরে তাই এবার নতুন খোলা হাওয়া।
শ্রীরামপুরের মাহেশের বঙ্গলক্ষ্মী বাইলেনের পুজোতে এবারের থিম ‘বাক্সবন্দি জীবন’। একসময় টিভিকে বলা হতো বোকা বাক্স। সময় গড়িয়েছে। তারপর ‘বুদ্ধিমান বাক্স’ এসেছে, অর্থাৎ কম্পিউটার। তারপরে ‘পকেট বাক্স’, মোবাইল। নব্যপ্রজন্ম থেকে মধ্যবয়সিদের এখন ঘাড় গুঁজে মোবাইলে চোখ রাখাই যেন ভবিতব্য। শিশুদের খেলার মাঠ নেই, বড়দের পার্কে যাওয়া নেই, সামাজিকতার প্রবাহে দাঁড়ি পড়েছে। সকলের মূলে আছে কোনও না কোনও ‘বাক্স’। তাই এক বিরাট আয়তন বাক্সই বঙ্গলক্ষ্মীর মণ্ডপ। সেখানেই অন্দরসজ্জা থেকে বাহিরসজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে ভবিষ্যতের বিপদকে। নানা আকারের প্যাকিং বাক্সেই মণ্ডপসজ্জা করা হচ্ছে। আলোকসজ্জাও থাকছে থিমের মতো করেই। আর প্রতিমা হচ্ছে আর্টের। তবে দেবীর গড়ন আধুনিক। মণ্ডপসজ্জায় কিছু মডেল, বিমূর্ত দৃশ্য সহ নানা রকমের বাহার থাকার দাবি করেছেন উদ্যোক্তারা। অন্যতম উদ্যোক্তা পার্থ দাস বলেন, বিজ্ঞানের অগ্রগতি আমাদের নানা সুযোগ করে দিয়েছে। কিন্তু অসীম লোভের ফাঁদও পেতে দিয়েছে। সেটিই আমরা ‘বাক্সবন্দি জীবন’-থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।
শ্রীরামপুরের হরবাবুর ঘাট সর্বজনীনের থিম ‘মা মোদেরও’। সমাজ সৃষ্টির কিছুকাল পর থেকেই অর্থনৈতিক সীমারেখা একই সমাজের মধ্যে ভিন্ন সমাজের কায়া তৈরি করেছে। উন্নত ও অন্ত্যজ, এমন বিভাজন হয়েছে অর্থ ব্যবস্থার নিরিখে। হরবাবুর ঘাট সর্বজনীন সেই প্রশ্নটিকেই দশভুজার আরাধানার মঞ্চে তুলে এনেছে। পুজো কি শুধু উচ্চ বা মধ্যবিত্তের? না কি মা নিম্নবিত্তেরও? আধুনিক ধাঁচের বিমূর্ত মণ্ডপ, সাবেকি আদলের প্রতিমা আর বর্ণময় আলোকসজ্জায় পিছিয়ে পড়া মানুষের মা ভক্তদের দর্শন দেবেন। অন্যতম উদ্যোক্ত অনিন্দ্য গোস্বামী বলেন, জমিদার বাড়ির অঙ্গন থেকে পুজো মাঠেঘাটে নেমেছে বহুকাল। তবু হয়তো বিভাজন ঘোচেনি। সেই ভাবকেই একত্র করে আমাদের পুজো মণ্ডপ সেজে উঠছে।
থিমের হাত ধরে আধুনিকতার উতল হাওয়া বহুকাল এসেছে গঙ্গার পাড়ে, ঐতিহ্যের নগরে। বলা যায়, সেই হাওয়াতে এবার বাঁক বদলের সুগন্ধ। পুজো মানে শুধুই অবিরাম আনন্দের লহর নয়, দর্শকের চিন্তাকে একটু উস্কে দেওয়ার প্রচেষ্টাও।