Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিপাকে মুজিব কন্যা! হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ আদালতের

আরও বিপাকে পড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে তাঁর আর কিছুই রইল না বললেই চলে

বিপাকে মুজিব কন্যা! হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ আদালতের
  • ১২ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

ঢাকা, ১২ মার্চ: আরও বিপাকে পড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে তাঁর আর কিছুই রইল না বললেই চলে। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। এরই সঙ্গে তাঁর গোটা পরিবার অর্থাৎ ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। এমনকী হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর দুই সন্তান টিউলিপ সিদ্দিকী ও মুজিব সিদ্দিকীর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকেই মুজিব কন্যা ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই হাসিনার গোটা পরিবারের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিতে গতকাল, মঙ্গলবার নির্দেশ দিয়েছে আদালত। এরই সঙ্গে হাসিনার গোটা পরিবারের ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রোক করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, হাসিনার ধানমণ্ডির বাড়ি ও সুধাসদনও বাজেয়াপ্ত করা হচ্ছে আদালতের নির্দেশে। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে। টিউলিপের গুলশনের বাড়িটিও বাজেয়াপ্ত করছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক ওরফে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার তদন্ত করে ঢাকার মেট্রোপলিটন আদালতে একটি রিপোর্ট জমা দেয় কমিশন। সেই রিপোর্টের ভিত্তিতেই যাবতীয় নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ