সংবাদদাতা, শিলিগুড়ি: অগ্রগামী সঙ্ঘ পরিচালিত বিজয় ভৌমিক স্মৃতি ট্রফির ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সিএবি একাদশ। রবিবার শিলিগুড়ির বসুন্ধরার মাঠে অনূর্ধ্ব-১৫ এই প্রতিযোগিতার ফাইনালে রানের পাহাড় গড়ে অনায়াসে জিতল সিএবি। অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টারকে তারা ৩৪১ রানে পরাজিত করে।
Advertisement
আগে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে সিএবি একাদশ ৮ উইকেট হারিয়ে ৩৯১ রান করে। সিএবি’র অনূর্ধ্ব-১৫ দলে ব্যাটসম্যানের ছড়াছড়ি। এদিন ফাইনালে সেটাই প্রমাণিত হল। উইকেটে এসে প্রায় প্রত্যেকেই রানের পাহাড় গড়েন। তিয়াস দাস ৬৫ বলে ৫৮, রহিম ঘড়োই ৫৩ বলে ৮২, শুভম কুমার ৪৪ বলে ৭৩ ও নৈতিক শর্মা ১৩ বলে অপরাজিত ৫৫ রান করে। জয়ের জন্য ওভার প্রতি প্রায় ১০ করে করার কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে অগ্রগামী ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। শিলিগুড়ি অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টার ২৬.১ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায়। স্থানীয় পাঁচটি দলের পাশাপাশি জলপাইগুড়ির একটি এবং সিএবি’র অনূর্ধ্ব-১৫ ও ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-১৫ দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ফাইনালে মুখোমুখি হয়।



