Bartaman Logo
২৭ মে, ২০২৬

সাধুর ছদ্মবেশে কুম্ভমেলায় হামলা চালাতে পারে জঙ্গিরা

সাধুর ছদ্মবেশে কুম্ভমেলায় হামলা চালাতে পারে জঙ্গিরা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
প্রয়াগরাজ: জঙ্গিদের নিশানায় প্রয়াগরাজের মহাকুম্ভ। সাধুর ছদ্মবেশে মেলায় হামলা চালানো হতে পারে বলে সতর্কবার্তা গোয়েন্দাদের। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মহাকুম্ভ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগে এই খবরে ঘুম ছুটেছে প্রশাসনের। ঢেলে সাজানো হচ্ছে মেলার নিরাপত্তা ব্যবস্থা।
Advertisement
গত সপ্তাহে খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন বিশ্বের বৃহত্তম মেলায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। বিশেষত ‘শাহি’ স্নানের দিনগুলিতে। পাশাপাশি কয়েকটি ইসলামিক জঙ্গি সংগঠনের নিশানায় রয়েছে এবারের কুম্ভমেলা। যার জেরে জারি হয়েছে হাই অ্যালার্ট। উত্তরপ্রদেশ পুলিসের সন্ত্রাসদমন শাখার (এটিএস) পাশাপাশি থাকছেন এনএসজি কমান্ডো এবং স্নাইপাররা। মোট ২৬টি সন্ত্রাসদমন টিম মোতায়েন থাকবে মেলায়। এছাড়াও উত্তরপ্রদেশ পুলিসের কমান্ডো বাহিনী, আধাসেনা, সন্ত্রাসদমনে পারদর্শী উত্তরাখণ্ড পুলিসের দু’টি ইউনিটও থাকছে মেলা চত্বরে। এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বুলেটপ্রুফ আউটপোস্টও তৈরি রাখা হয়েছে। বিশেষত শাহি স্নানের দিনগুলিতে স্নানের ঘাট, মন্দির এবং পার্কিং লটে নজরদারি চালাবে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা নাগা সাধুর ছদ্মবেশে কুম্ভমেলায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। বিশেষ করে ১৪ ও ২৯ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি শাহিস্নানের দিন হামলার হুমকি দিয়েছেন খালিস্তানি জঙ্গি নেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে হুমকি দেওয়া কণ্ঠস্বর পান্নুনের বলে মনে করছেন গোয়েন্দারা। খালিস্তানি নেতার এহেন হুমকির তীব্র নিন্দা জানিয়েছে আখড়া পরিষদ। পান্নুনের হুমকি বিভেদমূলক বলে তোপ দেগেছে তারা। এদিকে সাধুর ছদ্মবেশে জঙ্গিরা যাতে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে সব আখড়া ও সাধুদের আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষত শাহিস্নানের দিনগুলিতে থাকবে কঠোর  নিরাপত্তা। মেলার প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারের কাছে।
সম্পর্কিত সংবাদ