নতুন সদস্য আসছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির সংসারে। বাবা-মা হতে চলেছেন তাঁরা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছেন এই তারকা দম্পতি। ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে সিদ্ধার্থ ও কিয়ারার চার হাত এক হয়েছিল। বিয়ের ঠিক দু’বছরের মাথায় তাঁরা জানালেন, আসছে তাঁদের প্রথম সন্তান। এর আগেও একাধিকবার কিয়ারার মা হওয়ার জল্পনা ছড়িয়েছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন যুগল। জানিয়েছিলেন, সঠিক সময়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করবেন। শুক্রবার একটি ছবি পোস্ট করেছেন তাঁরা। সেখানে দেখা গিয়েছে, দু’জোড়া হাতের উপর সাদা রঙের একটি ছোট মোজা রাখা। এর মাধ্যমেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছেন যুগল। লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’ আলিয়া ভাট, করিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, ঈশান খট্টর, হুমা কুরেশি, নেহা ধুপিয়া সহ বলি পাড়ার বহু তারকাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। উল্লেখ্য, আগামী দিনে ‘পরম সুন্দরী’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থকে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে, কিয়ারাকে দেখা যেতে পারে রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছবিতে।



