Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কের ধারে স্কুলের পোশাক, শোরগোল রূপাহারে

প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পোশাক পড়ে রয়েছে জাতীয় সড়কের ধারে। এক, দুটো সেট নয়,-স্তূপাকারে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জাতীয় সড়কের ধারে স্কুলের পোশাক, শোরগোল রূপাহারে
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পোশাক পড়ে রয়েছে জাতীয় সড়কের ধারে। এক, দুটো সেট নয়,-স্তূপাকারে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের বীরঘই গ্রামপঞ্চায়েতের রূপাহারে। শনিবার সকালে স্থানীয়রা ১২ নং জাতীয় সড়কের ধারে স্কুলের জামাকাপড় পড়ে থাকতে দেখেন। যে পোশাক পড়ুয়াদের পাওয়ার কথা, সেই পোশাক রাস্তায় পড়ে থাকায় অবাক স্থানীয়রা। সরকারি টাকা খরচ করে তৈরি পোশাক কেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব পড়ুয়াদের অভিভাবকরা। এদিন রাস্তার ধারে স্কুলের পোশাক পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিস। তারা সেই স্কুল পোশাক তুলে নিয়ে আসে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা ড্রেসগুলি উদ্ধার করে বিডিও অফিসে পাঠিয়েছি।

Advertisement

শুভ্রদেব পাল নামে স্থানীয় বাসিন্দা বলেন, ড্রেসগুলিতে বিশ্ব বাংলার সরকারি লোগো লাগানো ছিল। বোঝাই যাচ্ছে, এগুলি ছাত্রদের দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সরকারি খরচের অপচয় দেখে সরব হয়েছেন শুভ্রদেব।
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী নূর আলম বলেন, পোশাকগুলি রাস্তার ধারে পড়ে থাকার পিছনে কোনও অসাধুচক্র রয়েছে। সরকারি লোগো তুলে সেগুলি বিক্রি করার কোনও পরিকল্পনা থাকতে পারে। আধিকারিকদের চোখের আড়ালে এধরনের কার্যকলাপ চলছে। তদন্ত হওয়া প্রয়োজন।
প্রশাসন সূত্রে খবর, সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই। তাঁদের কাছ থেকে তৈরি পোশাক নিয়ে প্রশাসন তা স্কুলে স্কুলে বিলি করা হয়। রায়গঞ্জের বিডিও শরণ তামাং বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ