সংবাদদাতা, বনগাঁ: স্বনির্ভর গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান দপ্তরের অর্থে তৈরি হল সুলভ মূল্যের ক্যান্টিন। বুধবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের অধীন এই ক্যান্টিনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস। ছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অল্প দামে পুষ্টিকর খাদ্য পাওয়া যাবে এই ক্যান্টিনে। মাত্র কুড়ি টাকায় মিলবে ভাত, ডাল, সব্জি, ডিম। অন্যান্য খাবারের দামও অপেক্ষাকৃত কম থাকবে।
Advertisement
মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস বলেন, সাধারণ মানুষের কথা ভেবে অল্প দামে খাবারের ব্যবস্থা থাকবে এখানে। পাশাপাশি খাবারের গুণগত মানও বজায় রাখা হবে। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ক্যান্টিন পরিচালনা করবেন। মহকুমা শাসকের দপ্তরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। পাশেই আদালত। সেখানেও বহু মানুষ আসেন। এতদিন তাঁদের খাবারের জন্য নানা সমস্যায় পড়তে হতো। এদিন ক্যান্টিন চালু হওয়ায় সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।



