Bartaman Logo
২৭ মে, ২০২৬

স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সম্পূর্ণ অধিকার, মামলা বৃহত্তর বেঞ্চে

স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সম্পূর্ণ অধিকার, মামলা বৃহত্তর বেঞ্চে
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: উইলে শর্ত উল্লেখ থাকলে হিন্দু মহিলারা কী স্বামীর সম্পত্তির সম্পূর্ণ মালিকানা পাওয়ার অধিকারী? এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলছে। হিন্দু উত্তরাধিকার আইনের ১৪ নম্বর ধারার ব্যাখ্যা নিয়ে সংঘাত মেটাতে এই সংক্রান্ত একটি মামলা উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠাল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে প্রতিটি হিন্দু মহিলা ও তাঁদের বৃহত্তর পরিবারের অধিকার জড়িয়ে রয়েছে। তাই এই নিয়ে উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি সন্দীপ মেহতা। 
Advertisement
ঘটনার সূত্রপাত ১৯৬৫ সালে। ওই বছরে কানওয়ার ভান নামে এক ব্যক্তি উইল করেন যে, তাঁর স্ত্রী যতদিন বেঁচে থাকবেন, ততদিন একটি জমির অধিকার ভোগ করবেন। কিন্তু কানওয়ারের স্ত্রীর মৃত্যু হলে ওই জমির অধিকার ফের কানওয়ারের অন্য উত্তরাধিকারীদের কাছে ফিরে আসবে। কয়েক বছর পর কানওয়ারের স্ত্রী ওই জমিটি তাঁর নিজের দাবি করে অন্য একজনের কাছে বিক্রি করে দেন। পরবর্তী সময়ে কানওয়ারের ছেলে ও নাতিরা জমি বিক্রির বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। একাধিক আদালতে এই মামলা চলেছে।
এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায় দিয়েছিল, যেহেতু উইলে শর্ত ছিল, তাই আইন অনুযায়ী ওই ব্যক্তির স্ত্রীর অধিকার আগেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। যদিও হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও আইনি লড়াই জারি রয়েছে। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের ১৪ নম্বর ধারা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখা দেওয়া হয়েছে। তাই এই নিয়ে একটি স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ