Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীকে লাঠিপেটা করে খুনের অভিযোগ, ধৃত বধূ

স্বামীকে লাঠিপেটা করে খুনের অভিযোগ, ধৃত বধূ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ওন্দায় স্বামীকে লাঠিপেটা করে খুনের অভিযোগে এক বধূ গ্রেপ্তার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বধূর নাম সুলেখা মাল। তার বাড়ি ওন্দার বিনোদনগর গ্রামে। রবিবার সুলেখাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনোদনগর গ্রামের বিকাশ মালের (৪০) সঙ্গে বেশ কয়েক বছর আগে সুলেখার বিয়ে হয়। ওই দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে। মদ খাওয়া নিয়ে বিকাশের সঙ্গে সুলেখার দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। মদ্যপ অবস্থায় সে স্ত্রীকে মারধরও করত। বিকাশ বাড়ির বিভিন্ন সামগ্রী বিক্রি করে মদ খেত। দিনমজুর ওই যুবক ইদানীং কাজেও যেত না। সুলেখা এলাকার একটি ইটভাটায় কাজ করে সংসার চালাত।
Advertisement
এক পুলিস আধিকারিক বলেন, শনিবার রাতে মদের টাকা জোগাড়ের জন্য বিকাশ বাড়ির ধান বিক্রি করতে যাচ্ছিল। সুলেখা আপত্তি জানায়। ওইসময় বিকাশ স্ত্রীকে মারধর শুরু করে। তখন সুলেখা একটি লাঠি নিয়ে বিকাশের মাথায় সজোরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় বিকাশকে উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন সকালে সুলেখাকে গ্রেপ্তার করা হয়। সুলেখার বিরুদ্ধে বিকাশের দাদা বসন্ত মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আমরা খুনের মামলা রুজু করেছি। এদিন বাঁকুড়া জেলা আদালতে দাঁড়িয়ে সুলেখা বলে, মদ খেয়ে আমার উপর বিকাশ অত্যাচার করত। বাড়ির চাল বিক্রি করেও সে মদ খেত। অনেক দিন ধরেই রাগ জমেছিল। শনিবার রাতে রাগের মাথায় লাঠিপেটা করেছিলাম।       
Advertisement
সম্পর্কিত সংবাদ