সংবাদদাতা, কাকদ্বীপ: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলপির গোপালনগর এলাকায়। মৃত যুবকের নাম গৌতম হালদার (৩৬)। এই ঘটনায় পুলিস গৌতমের স্ত্রী মল্লিকা হালদার ও তাঁর প্রেমিক গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতদের ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে বিচারক দুইজনকে দশদিনের পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে বাড়ির সামনের রাস্তার উপরে গৌতমের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখার পরই পুলিসে খবর দেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরে এই খুন। এ বিষয়ে গৌতমের ভাই উত্তম হালদার বলেন, দাদা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে টোটো চালানো শেষ হয়ে গেলে তিনি বাড়িতে ফিরছিলেন। কিন্তু পরে দেখা যায়, রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় দাদার মৃতদেহ পড়ে রয়েছে। পরে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিস তদন্ত করছে। আমরা চাই, দাদার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।



