নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১২ জানুয়ারি রাজ্যে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারি কর্মসূচির পাশাপাশিই ওইদিন তিনি কলকাতায় দলীয় সমাবেশ করতে পারেন। বিজেপি সূত্রে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেন, দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকই এক্ষেত্রে মুখ্য। তবে একইসঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সর্বস্তরে একটি বার্তাও দিতে চাইছে বিজেপি। তাই ১২ জানুয়ারি দিনটিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী বঙ্গ সফরের দিন হিসেবে ভাবা হচ্ছে। এর আগেও তিনি স্বামীজির জন্মবার্ষিকীতে কলকাতায় এসেছেন। বিজেপি সূত্রের খবর, ১২ জানুয়ারি অমিত শাহের কোনও পদযাত্রার আয়োজন করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।



