নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী তিনমাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ, ১ জানুয়ারি থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে তা ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারেই সুদ মিলবে ডাকঘরে। প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই ঘোষণা প্রত্যাশিত ছিল। তার কারণ, গত এক বছরেরও বেশি সময় ধরে রেপো রেট, অর্থাৎ সুদের হার অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। তার ফলে ব্যাঙ্কগুলিতে আমানতের উপর সুদের হার এখনও বেশি। এদিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার নির্ভর করে সরকারি বন্ডের সুদের উপর। সেই বন্ডের রিটার্নের হারেও বড় কোনও পরিবর্তন হয়নি। পাশাপাশি মূল্যবৃদ্ধি যেভাবে মাথা চাড়া দিয়ে রয়েছে, তাতে এখনই সুদ কমার লক্ষণ কম, বলছেন বিশেষজ্ঞরা। প্রতিবছরই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়েই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সবচেয়ে বেশি আদায় হয়। এদিকে যেভাবে সঞ্চয় প্রকল্পে জমার অঙ্ক কমছে, তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার নিজেই। তাই সুদের হার কমিয়ে নতুন করে সঙ্কট ডেকে আনতে চায়নি অর্থমন্ত্রক, বলছেন বিশেষজ্ঞরা।



