Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সব্জি বিক্রেতার ছদ্মবেশে হরিদেবপুরে ‘লুটেরা’, ১২ বাড়িতে চুরির ঘটনায় ধৃত ২

সব্জি বিক্রেতার ছদ্মবেশে হরিদেবপুরে ‘লুটেরা’, ১২ বাড়িতে চুরির ঘটনায় ধৃত ২
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের বেলায় সব্জি বিক্রেতা সেজে চলত আলু-পেঁয়াজ বিক্রি। আবার কখনও ভ্যানগাড়িতে জামাকাপড়ও বেচা চলত। খরিদ্দারদের সঙ্গে কথায় কথায় জেনে নিত, কোন বাড়িতে কে থাকেন। কোন বাড়ি ফাঁকা রয়েছে। সকালের সব্জি বিক্রেতা সূর্য ডুবলেই ফাকা বাড়িতে হানা দিয়ে সোনার গয়না, নগদ টাকা হাতিয়ে বেড়াত। পাঁচিল টপকে বা গ্রিল কেটে ঢুকে পড়ত ফাঁকা বাড়িতে। সিসি ক্যামেরা এড়াতে নিজেকে ঢেকে রাখত কালো কাপড়ে। মুখ এমনভাবে বাধা থাকত, যাতে ছবি ধরা না পড়ে। এভাবে হরিদেবপুর এলাকায় বিগত একমাসে ১২টি বাড়ি থেকে জিনিস হাতায় দুই অভিযুক্ত। বুধবার গভীর রাতে তাদের দক্ষিণ ২৪ পরগনার বোড়াল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম ইউনুস খান ও মিলন কীর্তনীয়া। 
১৮ জানুয়ারি বেহালার ইস্ট পার্কের কালীপদ মুখার্জি রোডের একটি বাড়িতে লুটের ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গ্রিল ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত। বাড়ি মালিক সুধেন্দুবিকাশ বাগ‌ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ হওয়ার পর পুলিস বিভিন্ন সিসি ক্যামেরার ছবি বিশ্লেষণ শুরু করে। একটি ক্যামেরায় চোরের মুখের কিছুটা ছবি আসে। তার ছবি আঁকানো হয়। এদিকে, পুলিসে অভিযোগ হওয়ার পরই ওই চোর বারবার ডেরা বদলাচ্ছিল। বুধবার গভীর রাতে পুলিসের কাছে খবর আসে যে সে বোড়ালের নতুনহাটে রয়েছে। সেখানে হানা দিয়ে ইউনুস ও তার শাগরেদ মিলনকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানার পুলিস। ধৃতদের এদিন আলিপুর আদালতে তোলা হলে ৩০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ