Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ৫০ হাজার জমায়েতের টার্গেট তৃণমূলের

সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ৫০ হাজার জমায়েতের টার্গেট তৃণমূলের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আলিপুরদুয়ার জেলা সফরে। তারজন্য ব্লকে ব্লকে জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৩ তারিখ কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে ৫০ হাজার মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানটি কালচিনি ব্লকে হবে। সেজন্য ওই ব্লক থেকে ২০ হাজার ও লাগোয়া মাদারিহাট ব্লক থেকে ১৫ হাজার মানুষ আনার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার মানুষ আনা হবে জেলার বাকি চারটি ব্লক থেকে। 
Advertisement
মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে চা বাগান ও বনবস্তিগুলি থেকে প্রচুর সংখ্যক মানুষ আসতে চাইছে বলে তৃণমূল নেতাদের দাবি। তাঁরা মনে করছেন, মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে দলের বিপুল জয়ে দলের পালে হাওয়া লেগেছে। ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তাও শোনার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে জেলাজুড়ে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সভায় যেতে বাস জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে দলকে। তাই বিকল্প হিসেবে ছোট গাড়ি খোঁজ চলছে। 
তৃণমূলের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, ২২ তারিখ শহরের প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আছে। পরের দিন সুভাষিণী চা বাগানের মাঠে তাঁর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে আমাদের দল বিপুল ভোটে জয়ী হয়েছে। ফলে বনবস্তি ও চা বাগানগুলি থেকে প্রচুর মানুষ এবার মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আসতে চাইছে। কিন্তু জেলায় এত বাস কোথায়? তাই ছোট গাড়ি জোগাড়ে বেশি করে জোর দেওয়া হয়েছে। 
এদিকে, প্যারেড গ্রাউন্ড ও সুভাষিণী বাগানের মাঠ দুই জায়গাতেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ চলছে। জেলা প্রশাসন ও পুলিস কর্তারা ঘন ঘন মাঠ পরিদর্শন করছেন।
সম্পর্কিত সংবাদ