Bartaman Logo
২৭ মে, ২০২৬

সভাপতি বাছাই ঘিরে  বাংলার বিজেপি নেতাদের ‘লবিবাজি’, বিরক্ত নাড্ডা

সভাপতি বাছাই ঘিরে  বাংলার বিজেপি নেতাদের ‘লবিবাজি’, বিরক্ত নাড্ডা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি বাছাই ঘিরে রীতিমতো ‘সঙ্কটে’ দলের কেন্দ্রীয় নেতারা। রাজ্যের প্রত্যেক লবিকে সময় দিতে গিয়ে কার্যত নাভিঃশ্বাস উঠছে তাঁদের। তিতিবিরক্ত নেতারা এনিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বলেও দলীয় সূত্রে খবর। চলতি প্রবণতায় এখনই রাশ না টানা গেলে ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে গোষ্ঠীগুলির রেষারেষি আরও চরমে উঠতে পারে বলে তাঁদের আশঙ্কা।
Advertisement
সূত্রের দাবি, রাজ্য বিজেপির ক্ষমতাসীন, বিরোধী এবং আধা বিরোধী— এই তিন গোষ্ঠীই পৃথকভাবে সভাপতি নির্বাচন নিয়ে দরবার করছে দিল্লিতে। সেইমতো একাধিক নাম এসেছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এই ব্যাপারে প্রবল চর্চায় থাকা নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জগন্নাথ সরকার, জ্যোতির্ময় সিং মাহাত, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়। আরও খবর, কোনও কোনও ক্ষেত্রে সংশ্লিষ্ট লবির ‘নেতৃত্বে’ থাকা নেতাই সরাসরি সভাপতি হওয়ার জন্য দরবার করেছেন। 
কিন্তু কে হবেন বিজেপির পরবর্তী রজ্য সভাপতি? এই প্রশ্নেই জল্পনা বৃদ্ধি পেয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কারণ ২০২৬ সালে বাংলায় বিধানসভা ভোট রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মুখের খোঁজ শুরু করেছে নেতৃত্ব। একইসঙ্গে দলের নেতারা এও মানছেন যে, ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে রাজ্য সভাপতি নির্বাচনও খুবই গুরুত্বপূর্ণ। তাই দলীয় নেতৃত্বের একাংশ নতুন মুখকে সভাপতি হিসেবে বাছাই করতে নারাজ। তাঁরা চাইছেন, দলের গঠনতন্ত্র মেনে পুরনো কোনও অভিজ্ঞ নেতাকে এই দায়িত্ব দেওয়া হোক। বিজেপিতে পরপর দু’টি মেয়াদের বেশি রাজ্য সভাপতি থাকা যায় না। তবে একটি মেয়াদের জন্য বিরতি দিয়ে ফের সভাপতি হতে বাধা নেই। এই বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি বিজেপি। নামপ্রকাশে অনিচ্ছুক দলীয় নেতাদের দাবি, জানুয়ারিতে মকর সংক্রান্তির পরই রাজ্য বিজেপির পরবর্তী সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ