Bartaman Logo
২৭ মে, ২০২৬

সংবিধান নিয়ে লোকসভায় আজ আলোচনা, রাজ্যের ইস্যুতে সরব হবে তৃণমূল

সংবিধান নিয়ে লোকসভায় আজ আলোচনা, রাজ্যের ইস্যুতে সরব হবে তৃণমূল
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব  প্রতিনিধি, নয়াদিল্লি: সংবিধান গ্রহণের ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে আজ শুক্রবার লোকসভায় শুরু হচ্ছে বিশেষ আলোচনা। চলবে আগামী কালও। রাজ্যসভায় আলোচনা হবে সোম এবং মঙ্গলবার। যদিও মূল বিষয় সংবিধান হলেও আলোচনার সুযোগে বিরোধীরা প্রবলভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করবে বলেই ঠিক করেছে। গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে ২০১৪ সালে কেন্দ্রের কুর্সিতে মোদি বসার পর থেকে সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ  হচ্ছে, সংবিধানের ওপর বিজেপি আঘাত হানছে, গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানের গৈরিকীকরণ করা হচ্ছে বলেই বিরোধীদের অভিযোগ। 
Advertisement
তাই সুযোগ পেয়ে মোদিকে কোণঠাসা করতেই তৈরি বিরোধীরা। লোকসভায় দলের প্রত্যেক সাংসদকে অবশ্যই হাজির থাকতে ‘হুইপ’ জারি করেছে কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শশী থারুর, গৌরব গগৈ আলোচনায় অংশ নেবেন। যদিও দলের একাংশ চায়, প্রিয়াঙ্কা গান্ধীও বলুন। সংসদে তাঁর প্রথম বক্তব্য (মেডেন স্পিচ) হোক সংবিধান। আলোচনায় অংশ নিয়ে মোদিকালে দেশের কী নেতিবাচক পরিবর্তন হয়েছে তা তুলে ধরে আক্রমণ করবে কংগ্রেস। তৃণমূলের বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ, বাংলার বঞ্চনার মতো ইস্যু঩তেই তাঁরা জোর দেবেন বলেই জানা গিয়েছে। 
তবে আলোচনার শেষে প্রধানমন্ত্রী কীভাবে কংগ্রেসকে আক্রমণ করবেন, তা নিয়ে বিরোধীদের মধ্যেও চলছে গুঞ্জন। ইন্দিরা গান্ধীর সময়কালে ‘জরুরি অবস্থা’র প্রসঙ্গ তুলে যে মোদি কংগ্রেসকে সমালোচনার শূলে চড়াবেন, তা একপ্রকার নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের মত। সঙ্গে শোনাবেন তিনি কী কী করেছেন। আর তা আন্দাজ করেই কটাক্ষে সুরে তৃণমূলের রা঩জ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, প্রধানমন্ত্রী তো মন কি বাত বলবেন। আমরা তা শুনতে চাই না। দেশের প্রকৃত সমস্যার সমাধান, বাংলার বঞ্চনার কোনও জবাব দেবেন কি?
সম্পর্কিত সংবাদ