Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুবোধ সিংয়ের বিরুদ্ধে মামলা তোলার আর্জি আক্রান্ত অজয়ের

সুবোধ সিংয়ের বিরুদ্ধে মামলা তোলার আর্জি আক্রান্ত অজয়ের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গতবছর ১৫ জুন মাসে বেলঘরিয়ার রথতলা মোড়ে বারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। পরে তাঁকে মোবাইলে হুমকিও দেওয়া হয়। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে। বারাকপুরে মামলা চলছে। কিন্তু নাটকীয়ভাবে বুধবার মামলাটি তুলে নেওয়ার জন্য বারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কোর্টে আবেদন করলেন অজয়। যদিও এর তীব্র বিরোধিতা করেছেন মামলার স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই আবেদনের কোনও সারবত্তা নেই। অজয় মণ্ডলকে রাজ্য সরকার নিরাপত্তা দিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার চলছে, এমন সময় মামলা তোলার আবেদন করা হচ্ছে। পিপি এই আবেদনে তীব্র আপত্তি জানান। শুনানির পর অবশ্য তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অজয় মণ্ডলের আবেদন নাকচ করে দেন। 
Advertisement
অজয় মণ্ডলের যুক্তি, নিরাপত্তারক্ষী নিয়ে সবসময় চলা যায় না। কোথাও যেতে পারছি না। ব্যবসা লাটে উঠেছে। সব সময় খুন হওয়ার আশঙ্কায় রয়েছি। তাই আবেদন করেছি। এখনও হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়দের ধারণা, তাঁর ইঙ্গিত সুবোধ গ্যাংয়ের দিকেই। যদিও তাঁর আবেদনে অসন্তুষ্ট তদন্তকারী অফিসার এবং পুলিস কর্তারা। পুলিসের কথায়, ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলল, টেলিফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হল, অভিযুক্ত গ্যাংস্টারকে বিহারের জেল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এখন মামলা তুলে নিতে চাইছেন আক্রান্ত। অথচ ঘটনার পর তিনি অনেক কথা বলেছিলেন। সাত মাস পরে তাঁর এই ভূমিকায় অনেকের মধ্যেই সন্দেহ হচ্ছে। প্রশ্ন উঠেছে, জেলে বসেই কি তাহলে সুবোধ সিং ওই ব্যবসায়ীর সঙ্গে ‘সেটিং’ করে নিয়েছেন। না কি ফের হামলার ভয়ে মামলা তুলে নিতে চাইছেন ব্যবসায়ী। শুরু হয়েছে জল্পনা। অবশ্য স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, মামলা যেমন চলার তেমন চলবে। সাক্ষ্য দান পর্ব শুরু হয়েছে। তা চলবে। পরবর্তী শুনানি ৫ ফেব্রুয়ারি।
সম্পর্কিত সংবাদ