নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, কল্যাণী: আরজি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রবিবার ধিক্কার মিছিল হয়। ওই মিছিল শুরু হয় সোদপুরের চিকিৎসকের বাড়ির সামনে থেকে এবং শেষ হয় ট্রাফিক মোড়ে। পানিহাটি নাগরিক সমিতির পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে মৃতার মা, বাবা ছাড়াও ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মৃতার বাবা বলেন, সিবিআইয়ের গাফিলতিতে টালা থানার ওসি ও আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন। তারা সময়ে চার্জশিট দেয়নি। এখন সিবিআইয়ের উপর ভরসা রাখা ছাড়া তো উপায় নেই। এই সংস্থা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিস তো সহযোগিতা করেনি। সিবিআইয়ের উপর অন্যকোনও তদন্তকারী সংস্থা থাকলে নিশ্চয় সেখানে আবেদন করতাম। তবে সঠিক বিচারের জন্য আন্দোলনের মাধ্যমে আমাদের সিবিআইয়ের উপর চাপ বাড়াতে হবে।
Advertisement
অন্যদিকে এসইউসি-এর কল্যাণী শাখার পক্ষ থেকে রবিবার সেন্ট্রাল পার্কে একটি বিক্ষোভ মিছিল হয়।



