Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বয়ং মেয়রের ধরপাকড়েও বদলায়নি ছবি

স্বয়ং মেয়রের ধরপাকড়েও বদলায়নি ছবি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক মাস আগে রাবিশ পাচার রুখতে তৎপর হয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং। ডায়মন্ডহারবার রোডের উপর রাবিশ বোঝাই চারটি লরি আটক করান তিনি। সেই ঘটনার পর মাস ছ’য়েকও পেরয়নি। ফের ‘পাচার-অভ্যাস’ ফিরেছে শহরের এই তল্লাটে। রাত ১০টা বাজলেই ডায়মন্ডহারবার রোড ও জেমস লং সরণি ধরে ছুটছে রাবিশবোঝাই লরি। পুলিস নীরব দর্শক। ফলে প্রশাসনের সার্বিক নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেরহাট ব্রিজ পার করে ডায়মন্ডহারবার রোড ধরে জোকার দিকে রাবিশ বোঝাই গাড়িগুলি যাওয়া বন্ধ ছিল মাস চারেক। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফের লরির আনাগোনা শুরু হয়েছে। তবে বেশিরভাগ গাড়ি এবার রুট বদলেছে। ডায়মন্ডহারবার রোড ছেড়ে জেমস লং সরণি ধরছে সেগুলি। তারাতলা ব্রিজে পণ্যবাহী গাড়ি ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই লরিগুলি তারাতলা ব্রিজের পাশ দিয়ে তারাতলা ক্রসিং থেকে বাম দিকে জেমস লং সরণি ধরছে। কোনও বিশেষ প্রয়োজনে ডায়মন্ডহারবার রোডে যানবাহন নিয়ন্ত্রণ করা হলে জেমস লং সরণি দিয়ে ভারী পণ্যবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হয়। অন্যথায় এই রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। 
সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে অবাধ যাতায়াত। প্রতি রাতে জেমস লং সরণি-বেহালা ১৪ নম্বর ক্রসিংয়ে নাকা চেকিং চালায় ট্রাফিক পুলিস। কিন্তু রাবিশবোঝাই গাড়ি অবাধ যাতায়াত করলেও তাদের কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের আরও দাবি, জেমস লং সরণির পাশাপাশি কিছু গাড়ি ডায়মন্ডহারবার রোড দিয়েও যাচ্ছে রাবিশ নিয়ে। বেহালা চৌরাস্তা থেকে ডানদিকে শকুন্তলা পার্কের দিকে চলে যাচ্ছে লরিগুলি।
সম্পর্কিত সংবাদ