মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বাঙালি বিবাহিত নারীদের জীবনে সিঁদুর এবং আলতা অবিচ্ছেদ্য অংশ। বিজয়া দশমীতে মাকে আলতা, সিঁদুর দেওয়ার পুরনো রীতি আজও বহমান। দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। পুরাতন মালদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী চন্দন স্মৃতি সংঘের সর্বজনীন দুর্গাপুজোতে সিঁদুর খেলার ধুম পড়ে যায়। এলাকার অগণিত মহিলা অংশ নেন। এই ঐতিহ্যকে ধরে রাখতে শনিবার পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিটি এবং কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মার যৌথ উদ্যোগে সাফাইকর্মী, নির্মল বন্ধু, ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে যুক্ত সদস্যের স্ত্রীদের শাড়ি, সিঁদুর এবং আলতা দেওয়া হয়। সেখানে চন্দন স্মৃতি সংঘের সদস্য পীযূষ পান্ডে সহ অন্যরা উপস্থিত ছিলেন।



