মুম্বই, ২৫ অক্টোবর: ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। আজ, শনিবার দুপুর আড়াটা নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৪ বছর বয়স হয়েছিল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এই অভিনেতার। আগামীকাল, রবিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আপাতত দেহ হাসপাতালে রাখা হবে বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন সতীশ শাহ। কিছুদিন আগে অস্ত্রোপচারও হয়। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবার আর বাড়ি ফেরা হল না অভিনেতার।
দীর্ঘ চার দশকের বর্ণময় কেরিয়ারে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন সতীশ শাহ। সিরিয়ালের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন রুপোলি পর্দাতেও। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’তে তাঁর অভিনয় দর্শক মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। তবে ‘সারাভাই ভার্সেস সারাভাই’-তে ইন্দ্রবর্ধন সারাভাই কমিক চরিত্রে অভিনয় ভারতীয় টেলিভিশন জগতে সতীশ শাহকে আজীবন অমর করে রাখবে।
এছাড়া কাজ করেছেন ‘হাম সাথ-সাথ হ্যায়, ‘ম্যা হু না’, ‘কাল হো না হো’, ‘ক্যভি হ্যাঁ ক্যভি না’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো জনপ্রিয় সিনেমায়।