Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মবিরতির জেরে উত্তরপাড়ায় ব্যাহত সাফাইয়ের কাজ, ক্ষোভ

উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি চলছে। শনিবারও তা উঠল না। তার জেরে দিনভর সাফাই কাজ হয়নি। পরপর দু’দিন কাজ বন্ধ থাকায় শহরজুড়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে।

কর্মবিরতির জেরে উত্তরপাড়ায় ব্যাহত সাফাইয়ের কাজ, ক্ষোভ
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি চলছে। শনিবারও তা উঠল না। তার জেরে দিনভর সাফাই কাজ হয়নি। পরপর দু’দিন কাজ বন্ধ থাকায় শহরজুড়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের বাড়ি এবং রাস্তার ধারে আবর্জনা স্তূপাকার হয়ে উঠেছে। দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবারই উত্তরপাড়া পুরসভা সাফাই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে কারণ দর্শানোর(শো কজ) নোটিস পাঠিয়েছে। কেন দু’দিন ধরে শহরে সাফাই কাজ হচ্ছে না তা জানতে চাওয়া হয়েছে নোটিস পাঠিয়ে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি না বদলালে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। নাগরিকদের প্রশ্ন, দ্রুত সাফাই কাজ শুরু করার বিকল্প ব্যবস্থার আশু প্রয়োজন। তা না হলে বাড়িতে আবর্জনা জমে যাবে। বসবাস করাই কঠিন হয়ে উঠবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘সমস্যা হচ্ছে এটা বাস্তব। কিন্তু যে হেতু সরকারি পদ্ধতি মেনে একটি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে তা হঠাৎ করে বাতিল করা যায় না। নির্দিষ্ট পদ্ধতি মেনেই কাজ করতে হয়। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। সাফাই নিয়ে কি বিকল্প ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।’ অন্যদিকে আন্দোলনকারী সাফাই কর্মীরা জানিয়েছেন, ‘শুক্রবার দিনভর আন্দোলন করার পরও ঠিকাদার সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। প্রতিদিন মজুরির পাশাপাশি সরকারি সুযোগসুবিধা থেকেও বঞ্চনা করা হচ্ছে। বাধ্য হয়েই চূড়ান্ত পথ বেছে নেওয়া হয়েছে।’ প্রসঙ্গত উত্তরপাড়া পুরসভা একটি সংস্থার মাধ্যমে শহরের সাফাই কাজ পরিচালনা করে। সেই সংস্থার কর্মীরাই শুক্রবার থেকে সংস্থার বিরুদ্ধে নানা বঞ্চনার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে। তাতে শহরের সাফাই কাজ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ