মুম্বই, ১ এপ্রিল: বক্স অফিসে ঝড় তুলেছে সলমন খানের ‘সিকান্দর’। গত রবিবার বড়পর্দায় মুক্তি পায় এই সিনেমা। আর মুক্তির পর থেকেই ব্যাপক আয় হচ্ছে ‘সিকান্দর’-এর। প্রথম দিনে বক্স অফিসে ২৬ কোটি টাকা আয় করে সলমনের এই সিনেমা। দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল, সোমবার ঈদ থাকায় সেই আয় বেড়ে যায়। স্যাকনিল্ক সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দিনে ২৯ কোটি টাকা আয় করেছে ‘সিকান্দর’। যার ফলে মোট দু’দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে বলিউডের ভাইজানের সিনেমা। তবে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-এর রেকর্ড ভাঙতে পারেনি ‘সিকান্দর’। তবে ‘সিকান্দর’ দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন সল্লুর ভক্ত থেকে সিনেমাপ্রেমীরা। ঈদের আবহ থাকায় আজ, মঙ্গলবার বক্স অফিস থেকে ভালো লক্ষ্মীলাভের আশায় রয়েছে সিনেমার নির্মাতারা। ‘সিকান্দর’ সিনেমাটিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা, শারমান যোশী, কাজল আগরওয়াল ও সত্যরাজকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘গজিনি’ খ্যাত পরিচালক এ আর মুরুগাডোজ।



