Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিআইটি মোড় আটকে ক্লাবের অনুষ্ঠান, নাজেহাল আম জনতা

সিআইটি মোড় আটকে ক্লাবের অনুষ্ঠান, নাজেহাল আম জনতা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থানীয় ক্লাবের অনুষ্ঠানের জেরে ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি লেনে ব্যাপক যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ। অফিস ফেরত নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার হন। জানা গিয়েছে, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে একটি রাস্তা গিয়ে মেশে সিআইটি মোড়ে। সেই সুরেশচন্দ্র ব্যানার্জি লেনে সিআইটি মোড়ের কিছু আগে পুলিস গার্ডরেল দেয়। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে ফুলবাগান-কাঁকুড়গাছিগামী বাস যাতায়াত করে। কিন্তু বেলেঘাটা বিল্ডিং মোড়ে পুলিসের তরফে কোনও সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি। ফলে সিআইটি মোড়ের কাছাকাছি গিয়ে বাস আর যেতে পারছে না। আটকে পড়ে একাধিক গাড়ি, এমনকী অ্যাম্বুলেন্সও। সেখান থেকে ফের ঘুরে তাদের বাইপাসে আসতে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিসের কথা কাটাকাটিও হয় সাধারণ মানুষের। ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চিনু বিশ্বাস বলেন, ‘ওরা গণেশ পুজোর সময় এই অনুষ্ঠান করে। কিন্তু এই বছর তা করতে পারেনি। শুক্রবার স্থানীয় যুব সঙ্ঘ ক্লাবটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওরা পুলিসের অনুমতি নিয়েই অনুষ্ঠান করছে বলে শুনেছি। রাস্তা আটকে বা মানুষের অসুবিধা করে কিছু করলে সেটা সমর্থনযোগ্য নয়।’ তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও আশ্বাস দেন।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ