Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিআইডির তলব পেয়েই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন অর্জুন

সিআইডির তলব পেয়েই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন অর্জুন
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভা উপ নির্বাচনের ঠিক আগের দিন, অর্থাৎ ১২ নভেম্বর বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। চার বছরের পুরনো একটি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ। তাঁর কথায়, সিআইডি তলবের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। যদিও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মানতে চাননি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যে সব দুর্নীতি করেছেন, তার প্রমাণ রয়েছে। নিজের আত্মীয়স্বজনকে কোটি কোটি টাকা পাইয়ে দিয়েছেন। সিআইডি তদন্তে সবকিছু উঠে আসবে। অর্জুনকে জেলেও যেতে হবে। 
Advertisement
অন্যদিকে, সিআইডির তলব প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অর্জুন বলেন, আমাকে ভয় দেখাবে বলে ওরা ডেকেছে। আমি যতদিন তৃণমূলে ছিলাম, আমি ভালো। বিজেপি যোগ দিতেই খারাপ হয়ে গেলাম। তবে তলবে সাড়া দিয়ে তিনি ১২ নভেম্বর ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে হাজির হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি অর্জুন।  
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পরেই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডির আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও এই মামলায় অর্জুনকে তলব করা হয়েছিল। ইতিমধ্যে একবার তাঁকে ডাকা হয়েছে। নৈহাটিতে প্রচারে ব্যস্ত আছেন বলে যাননি। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নৈহাটি সহ রাজ্যের ছ’টি বিধানসভা আসনের উপ নির্বাচন। ১১ নভেম্বর সন্ধ্যায় শেষ হবে প্রচারপর্ব।  
সম্পর্কিত সংবাদ