নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রসঙ্ঘের ‘পিস কিপিং মেডেল’ পেলেন কাকলি মান্না। সাগরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কাকলি এক বছর আগে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে আফ্রিকার কঙ্গোয় গিয়েছিলেন। সেখানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গি দমনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়েছেন। তাই রাষ্ট্রসঙ্ঘের তরফে কুর্নিশ জানানো হল বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের এই সদস্যকে। কঙ্গো থেকে ফোনে কাকলি বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমি খুবই আপ্লুত। গত এক বছর ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলেছে। ঝুঁকি থাকলেও আমরা এই কাজ থেকে পিছিয়ে আসিনি। আগামী ১ মে ফেরার কথা ছিল। কিন্তু নতুন করে জঙ্গি হামলা হওয়ায় আরও কিছুদিন থেকে যেতে হবে।’ তবে তিনি বাড়ি আসার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন।



