রোগীর পরিজনকে মারধরের অভিযোগে সদর হাসপাতালের নিরাপত্তারক্ষী আটক
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রোগীর পরিজনকে মারধরের অভিযোগে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃমা বিভাগের এক নিরাপত্তারক্ষীকে আটক করল পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালে। সরকারি সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষী এবং অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে রীতিমতো সরব হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। 

Advertisement

জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দা সমীর সরকারের স্ত্রী সদর হাসপাতালে মাতৃমা বিভাগে দু’দিন আগে ভর্তি হন। শনিবার চিকিৎসাকরা তাঁকে সুস্থ বলে ঘোষণা করে হাসপাতাল থেকে ছুটি দেন। দুপুরে এই সংক্রান্ত কাজে ভিজিটিং কার্ড নিয়ে সমীরবাবু ভিতরে ঢুকতে চাইলে এক নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেয়। বারবার চিকিৎসকদের বক্তব্য ও কারণ ওই নিরাপত্তারক্ষীকে বলা সত্ত্বেও সে কিছুতেই যেতে দিতে চায়নি বলে অভিযোগ। এরপরই নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সমীরবাবু। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষী সমীরবাবুকে বেধড়ক মারধর করে। তাঁর পিঠ ও বুকে গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত হন। পাশাপাশি আরও কিছু নিরাপত্তারক্ষী জড়ো হয়ে সমীরবাবুর পরিবারের বাকি সদস্য এবং হাসপাতালে চিকিৎসা প্রয়োজনে আসা বাকিদের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। এরপরেই ক্ষেপে যান হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা রোগী এবং তাঁদের পরিজনরা। অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে তাঁদের হাতে তুলে দিতে হবে এবং বিনা কারণে অস্থায়ী কর্মীদের টাকা তোলার ব্যবস্থা বন্ধ করতে হবে এই দাবিতে রীতিমতো বিক্ষোভ শুরু করেন তাঁরা। 
ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালের মাতৃমা বিভাগে পৌঁছয়। সেখানে থাকা অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের শান্ত করে সমস্ত বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। অভিযোগ পেলে সমস্ত ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ উঠে যায়।
এনিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালের সুপার কল্যাণ খাঁর সঙ্গে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। যদিও মারধরে জখম সমীর সরকার ঘটনার বিবরণ দিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। • নিজস্ব চিত্র।