বেজিং: গালওয়ান পর্বের তিক্ততা এখন অতীত। আরও কাছাকাছি ভারত ও চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা নিয়ে এখন বেজিংয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল তিনি সাক্ষাৎ করেছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝাংয়ের সঙ্গে। আর আজ, মঙ্গলবার সকালে সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী। আলোচনায় উঠে এল দু’দেশের সম্পর্কের প্রসঙ্গ। এই ইস্যুতে অগ্রগতি নিয়ে জিনপিংকে বিশদে জানিয়েছেন জয়শঙ্কর।
এবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সভাপতির চেয়ারে চীন। বিদেশমন্ত্রী স্তরের সম্মেলনে যোগ দিতে ভারতের িবদেশমন্ত্রী এখন বেজিংয়ে। ২০২০ সালের লাদাখের গালওয়ান সংঘাতের পরে এই প্রথম সেদেশের মাটিতে পা রেখেছেন ভারতের কোনও বিদেশমন্ত্রী। এই সফরের শুরু থেকেই জয়শঙ্কর বুঝিয়ে দিতে চেয়েছেন, পাঁচ বছর আগের লাদাখ সীমান্ত সংঘাত পর্ব এখন অতীত। সে সব দূরে সরিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়াদিল্লি। গতকাল চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে তারই যেন আভাস মিলেছিল। সেই মনোভাবের কোনও পরিবর্তন হল না চীনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এদিনের সাক্ষাতেও। দু’জনের মধ্যে কী বিষয়ে কথা হল? সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। লিখেছেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে তাঁকে অবহিত করেছি।’
চীন ও ভারতের এই কাছাকাছি আসার প্রয়াস ও ইঙ্গিতের অনুঘটক কি ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং একচ্ছত্র বাণিজ্য আগ্রাসন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।