Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ স্থানে বসছে রাম্বেল স্ট্রিপ ও একাধিক গার্ডরেল

১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে রাস্তাটির ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ করছে হাওড়া গ্রামীণ জেলা পুলিস।

১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ স্থানে বসছে রাম্বেল স্ট্রিপ ও একাধিক গার্ডরেল
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে রাস্তাটির ব্ল্যাক স্পটগুলি চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ করছে হাওড়া গ্রামীণ জেলা পুলিস। জানা গিয়েছে, এই জাতীয় সড়কের রানিহাটি থেকে কোলাঘাট পর্যন্ত ২৩টি ব্ল্যাক স্পট আছে। এইসব জায়গাগুলি দুর্ঘটনাপ্রবণ। এর মধ্যে আবার রাজাপুর থানা এলাকার কুলগাছিয়ার পীরতলা এবং বাগনান থানা এলাকার চন্দ্রপুরে বেশি দুর্ঘটনা ঘটে। বছর খানেকের মধ্যে এই এলাকায় কমপক্ষে তিনটি বড় বড় দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই এই ব্ল্যাক স্পটগুলিতে দুর্ঘটনা রোধের বিষয়টি নতুন করে ভাবাচ্ছে পুলিসকে।

Advertisement

হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে মহিষরেখা সেতু থেকে নামার পরে চন্দ্রপুরের বাঁকের কাছে যে কাট আছে, সেখানে সিগন্যাল সিস্টেম বসানোর পাশাপাশি রাম্বেল স্ট্রিপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য, চালকরা যাতে এই এলাকায় গাড়ি আস্তে চালানোর বিষয়টি বুঝতে পারেন। এছাড়াও গাড়ির গতি কমানোর জন্য রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় গার্ডরেল বসিয়ে ‘জিগজাগের’ সংখ্যা আরও বৃদ্ধির পরিকল্পনা আছে। জেলা পুলিস সূত্রে খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে সাইনেজ নিয়ে কথা হয়েছে। অর্থাৎ, কোথায় দুর্ঘটনাপ্রবণ এলাকা, কোথায় বিদ্যালয় আছে, কোথায় বাঁক আছে, সেই সব আরও বেশি করে নির্দেশ করার ব্যবস্থা করা হবে। যেসব জায়গায় পর্যাপ্ত আলো নেই, সেখানে আলো বসানোরও ব্যবস্থা করা হবে।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা কমানোটা আমাদের অন্যতম লক্ষ্য। সেই কারণে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকটি ক্ষেত্রে ইতিমধ্যে সেগুলি বাস্তবায়িতও হয়ে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে পেট্রল পাম্পগুলিকে হেলমেট ছাড়া কোনও বাইকচালককে তেল না দেওয়ার কথাও বলা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ