Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রেস্তরাঁয় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দীঘায় অভিযানে ২৪টি হোটেলকে নোটিস

রেস্তরাঁয় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দীঘায় অভিযানে ২৪টি হোটেলকে নোটিস
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বারবার অভিযোগ ওঠায় মঙ্গলবার নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার খাদ্যসুরক্ষা বিভাগ দীঘার ২৫টি নামী ঝাঁ-চকচকে হোটেলের রেস্তরাঁয় অভিযান চালায়। এরমধ্যে ওল্ড ও নিউ দীঘা মিলিয়ে ২৪টি হোটেল কর্তৃপক্ষকে নোটিস ধরিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এদিন জেলা খাদ্যসুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে দলটি সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। সঙ্গে ছিলেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা ও ডিইবির(ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) আধিকারিকরা। দীঘা ও দীঘা কোস্টাল থানার পুলিসও দলের সঙ্গে ছিল। সেখানে কোন কোন হোটেলের রেস্তরাঁয় কীভাবে খাদ্যসুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। অভিযানে নেমে বিভাগীয় আধিকারিকরা দেখেন, নামী হোটেল হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশিরভাগ হোটেলের রেস্তরাঁয় খাদ্যসুরক্ষা সংক্রান্ত লাইসেন্সই নেই। যাঁরা খাবার তৈরি করছেন কিংবা পরিবেশন করছেন, তাঁদের খাদ্যসুরক্ষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই বলে তদন্তে উঠে আসে। সেখানকার রান্নাঘরেও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। শুধু তাই নয়, বেশকিছু হোটেলের রেস্তরাঁয় ফ্রিজ থেকে বাসি ও পচা খাবার পাওয়া যায় বলে খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। সেগুলি বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়। 
Advertisement
জানা গিয়েছে, পরবর্তী পর্যায়ে রাস্তায় যেসমস্ত খাবারের হোটেল রয়েছে সেখানেও অনুরূপ অভিযান চালানো হবে। এবিষয়ে জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বলেন, আমরা মোট ২৪টি হোটেলকে নোটিস ধরিয়েছি। কর্তৃপক্ষকে সচেতন করা হয়েছে। খাদ্যসুরক্ষা ও গুণমান আইনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। যে সমস্ত হোটেলের রেস্তরাঁ খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান চালবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ