নিজস্ব প্রতিনিধি, বারাসত: গত দু’দিন ধরে বারাসত হাসপাতাল সংলগ্ন যশোর রোডের ধারেই পড়েছিলেন মরণাপন্ন এক ষাটোর্ধ্ব বৃদ্ধ। পথচলতি অনেকেরই নজরে এসেছে। খুব কাছেই বারাসত হাসপাতাল। কিন্তু কেউই তাঁকে সেখানে ভর্তি করানোর উদ্যোগ নেননি। অবশেষে বুধবার দুপুরে বিষয়টি নজরে আসতেই বারাসত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার চিকিৎসক সুমিত সাহা এবিষয়ে উদ্যোগ নেন। শরীরে থাকা নোংরা তিনি নিজে হাতে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে বৃদ্ধকে ভর্তি করেন বারাসত হাসপাতালে। স্থানীয়দের অনুমান, পরিবারের কেউ নিয়ে এসে ওই বৃদ্ধকে বারাসতের এই রাস্তার ধারে ফেলে রেখে গেছেন। ওঁর ভালো করে কথা বলার সামর্থ্যও নেই। বিষয়টি নিয়ে কাউন্সিলার ডাঃ সুমিত সাহা বলেন বলেন, যশোর রোডের একটি দোকানে চা খেতে এসে বৃদ্ধকে ওই অবস্থায় দেখি। উনি খুবই অসুস্থ। বাড়ি কৈখালিতে, শুধু এটুকুই বলতে পারছেন। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, বৃদ্ধের শারীরিক অবস্থা সঙ্কটজনক। বারাসত থানার পুলিসকেও জানানো হয়েছে।



