Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সম্প্রসারণ কাজে ফাটল পাইপ, রাস্তা জলমগ্ন, দুর্ভোগ আরামবাগে 

রাস্তা সম্প্রসারণ কাজে ফাটল পাইপ, রাস্তা জলমগ্ন, দুর্ভোগ আরামবাগে 
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি ঘটে আরামবাগ শহরে। মঙ্গলবার সকাল থেকে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের তালপুকুর মনসাতলা এলাকায় রাজ্য সড়কের উপরে একাংশ জলমগ্ন হয়ে পড়ে। এমনকি, বাসিন্দাদের একাংশের বাড়িতে পুরসভার পানীয় জলের সরবরাহও বন্ধ হয়ে যায়। যদিও পরে পুরসভা পাইপ লাইনের মেরামতি করে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করে। তবে এই ঘটনায় পূর্ত দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। 
Advertisement
চেয়ারম্যান বলেন, এমনিতেই এই রাজ্য সড়ক সম্প্রসারণে পূর্ত দপ্তরের দীর্ঘসূত্রিতা রয়েছে। তারমধ্যে আবার আমাদের আগাম না জানিয়ে রাস্তা খোঁড়ার কাজ করছিল পূর্ত দপ্তর। যন্ত্রের সাহায্যে সেই কাজ করার সময় পানীয় জলের পাইপলাইন ফেটে যায়। ফলে রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি, বাড়িতে জল সরবরাহও বন্ধ হয়ে যায়। পূর্ত দপ্তর আমাদের জানিয়ে যাতে কাজ করে তা বলেছি।  পূর্ত দপ্তরের আরামবাগ মহকুমার সহকারী বাস্তুকার বলেন, রাস্তার ধারে মাটির অল্প গভীরে জলের পাইপ লাইন রয়েছে। যন্ত্র দিয়ে মাটি খোঁড়ার সময় ওই পাইপ ফেটে যায়। এক্ষেত্রে পাইপ লাইন সরানো বা আরও গভীরে পাতা হলে ভালো হয়। আমরা দ্রুত ওই এলাকা ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভাকে জানাব।  পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে বন্দর যাওয়ার ২৪ নম্বর রুটের রাজ্য সড়ক সম্প্রসারণ করছে পূর্ত দপ্তর। রাস্তাটি বর্তমানে সাড়ে পাঁচ মিটার চওড়া রয়েছে। কিন্তু নতুন রাস্তা হচ্ছে সাত মিটারের। সেইজন্য রাস্তার দুপাশে বিভিন্ন অংশে মাটি খোঁড়া হচ্ছে। এই রাস্তা নির্মাণের জন্য হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাস্তা খোঁড়ার সময় জলের লাইন কেটে যায়। আর এক বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, সকাল থেকেই দেখছি পাইপ ফেটে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ