নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তার অর্ধেক আটকে চলছে সরস্বতী পুজো। একইসঙ্গে গান চালিয়ে রাস্তার বাকি অংশ দখল করে নাচে মত্ত যুবকরা। বাইকচালকদের যাতায়াতে সমস্যা হওয়ায় তাঁরা প্রতিবাদ জানান। এই নিয়ে বড় গণ্ডগোল হয় এন্টালি থানা এলাকার ডাঃ সুরেশ সরকার রোডে। বাইকচালকদের মারধর ও রাস্তায় অভব্যতার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করে পুলিস। রবিবার সরস্বতী পুজোর রাতে ঘটনাটি ঘটে।
Advertisement
পুলিস জানিয়েছে, ওই রাস্তায় একটি সরস্বতী পুজো চলছিল। কিন্তু রাস্তাটি দিয়ে বাইকচালকদের যাতায়াতে বাধা দেন পুজোর উদ্যোক্তারা। প্রাথমিকভাবে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এক বাইকচালক জখম হন। এরপরেই তিনি এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



