নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের রাস্তার ধস সারাইয়ের কাজ শুরু হল। কেএমডিএয়ের তত্ত্বাবধানে চন্দননগর পুরসভার এই কাজ করছে। হাটখোলার রাস্তায় জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার ঠিক আগে বিরাট ধস নামে। পরিস্থিতি সামাল দিতে সেই সময় অস্থায়ীভাবে ধস মেরামতের কাজ করে পুরসভা। পরে এই বিষয়ে রাজ্যের পুরদপ্তরের সঙ্গে আলোচনা করেন চন্দননগরের পুরকর্তারা। তারপর কেএমডিএকে দিয়ে পাকাপাকিভাবে ধস মেরামতের সিদ্ধান্ত হয়। সোমবার মেয়র রাম চক্রবর্তী কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন। তিনি বলেন, ফরাসি আমলের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার নকশা আমাদের কাছে নেই। তাই বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। ধসের সমস্যা স্থায়ীভাবে মেটাতে আমরা কেএমডিএ’র মাধ্যমে কাজ করাচ্ছি। এই কাজটি জটিল। মাটির নীচে দিয়ে জল, গ্যাস, বিদ্যুৎবাহী তার গিয়েছে। ফলে সাবধানে অতি যত্নে এই কাজ করতে হবে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তাটি শহরের দ্বিতীয় উল্লেখযোগ্য রাস্তা। ধীর গতিতে এই রাস্তার ধস সারালে শহরে যাতায়াতের সমস্যা বাড়বে।



