সংবাদদাতা, বারুইপুর: রাতে কাজ সেরে সাইকেল করে বাড়ি ফেরার পথে এক মহিলার রাস্তা আটকায় এক দুষ্কৃতী। এরপর তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় সে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এক বেসরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী সুজাতা নস্কর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, বারুইপুর থানার ধপধপি ২ নম্বর পঞ্চায়েতের শেরপুর স্বাস্থ্যকেন্দ্রের কাছে। থানায় অভিযোগ দায়ের করেছেন সুজাতা। তিনি বলেন, ব্যাগে মোবাইল ফোন, চার্জার, কিছু টাকা ছিল। সবই খোয়া গিয়েছে। আমি কাজ সেরে ট্রেনে চেপে ধপধপি স্টেশনে নেমেছিলাম। তারপর সাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। পথে পিছন থেকে একটি ছেলে আচমকা এসে আমার সাইকেল আটকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।



