নয়াদিল্লি: শনিবার ‘ভারত ছাড়ো আন্দোলনে’র ৮৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মরণ করল। একই সঙ্গে আরএসএসকে এদিন তুলোধোনা করল হাত শিবির। তাদের অভিযোগ, ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে কংগ্রেস নেতারা যখন জেল খাটছেন, আরএসএস তখন এই আন্দোলনের বিরোধিতা করেছিল। কংগ্রেসের এই আক্রমণের মধ্যেই অবশ্য ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি এদিন শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘জাতির জনক মহাত্মা গান্ধীর করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে ভর করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তাঁর ওই মন্ত্রই স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করেছিল।’ আরএসএসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তাঁর তোপ, ‘যখন গোটা কংগ্রেস নেতৃত্ব জেলে বন্দি, সমগ্র দেশ আলোড়িত, তখন আরএসএস সক্রিয়ভাবে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতায় নেমেছিল। সাত বছর পর ভারতীয় সংবিধানেরও বিরোধিতা করতে দেখা যায় তাদের।’