Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনে অনিয়মের প্রমাণ পেয়ে ডিলারকে সাসপেন্ড

রেশনে অনিয়মের প্রমাণ পেয়ে ডিলারকে সাসপেন্ড
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘বর্তমান’-এর খবরের জের। রেশন সামগ্রী বণ্টনে অনিয়মের প্রমাণ মিলতেই ডিলারকে সাসপেন্ড করল খাদ্যদপ্তর। জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া শনিমন্দির এলাকায় এক ডিলারের বিরুদ্ধে ঠিকমতো রেশন না দেওয়ার অভিযোগ ওঠে। এনিয়ে গত শনিবার গ্রাহকরা ওই ডিলারের রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ছিল, রেশন পেতে দিনের পর দিন হয়রানি হচ্ছে। বায়োমেট্রিক নেওয়ার পরও হাতে কুপন ধরিয়ে বলা হচ্ছে, পরে এসে রেশন নিয়ে যেতে হবে। কিন্তু ডিলারের দেওয়া সময়ে এসে দেখা যাচ্ছে, দোকান বন্ধ। দুয়ারে রেশনেও ওই ডিলার গ্রাহকদের হয়রান করছেন। কখনও চাল দিয়ে বলা হচ্ছে, পরে এসে আটা নিতে হবে। কখনও আবার উল্টোটা হচ্ছে। রবিবার ‘বর্তমান’ পত্রিকায় ওই খবর প্রকাশিত হয়। এরপরই খাদ্যদপ্তরের আধিকারিকরা তদন্তে নেমে ওই ডিলারের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পান। এর পরিপ্রেক্ষিতে ওই ডিলারকে সাসপেন্ড করা হয়।
Advertisement
মঙ্গলবার জলপাইগুড়ি সদর মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস বায়েন বলেন, ওই ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী বণ্টন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। গ্রাহকদের রেশন পেতে যাতে সমস্যা না হয়, পাশের ডিলারের সঙ্গে তাঁদের ট্যাগ করে দেওয়া হয়েছে। গ্রাহকদের উদ্দেশে খাদ্যদপ্তরের আধিকারিকদের বার্তা, কেউ ‘ডিউস্লিপ’ নেবেন না। যেদিন বায়োমেট্রিক দেবেন, সেদিনই ডিলারের কাছ থেকে রেশন বুঝে নেবেন। যদি কোনও ডিলার রেশন সামগ্রী দিতে গড়িমসি করেন, সঙ্গে সঙ্গে খাদ্যদপ্তরে রিপোর্ট করবেন।
তিনমাসে এনিয়ে জলপাইগুড়ি সদর মহকুমায় দু’জন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নিল খাদ্যদপ্তর। এর আগে পাহাড়পুর পঞ্চায়েতের বড়ুয়াপাড়ায় এক ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধেও রেশন সামগ্রী বণ্টনে অনিয়মের প্রমাণ পান খাদ্যদপ্তরের আধিকারিকরা। এদিকে, জলপাইগুড়ি সদর মহকুমায় নতুন করে পাঁচজনকে রেশন ডিলার হিসেবে লাইসেন্স দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজগঞ্জ ব্লকে রয়েছেন দু’জন, ময়নাগুড়িতে দু’জন এবং একজন জলপাইগুড়ি সদরে। এপ্রিল থেকে তাঁরা রেশন সামগ্রী পাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ