নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার ও আগামী কাল রবিবার রাজ্যজুড়ে খাদ্যদপ্তরের উদ্যোগে রেশন দোকানগুলিতে ‘গ্রাহক-সম্পর্ক অভিযান’ চলবে। দপ্তরের সমস্ত কর্মী ও আধিকারিকদের এই দুটি ছুটির দিনে নিজ নিজ এলাকায় অন্তত দুটি রেশন দোকানে গিয়ে গ্রাহক ও ডিলারদের অভাব-অভিযোগ শুনে দপ্তরকে রিপোর্ট দিতে হবে। এই বাৎসরিক উদ্যোগের এটি পঞ্চমবার। তবে এবছরের উদ্যোগটি তাৎপর্যপূর্ণ। দিনকয়েক আগের পর্যালোচনা বৈঠকে এই অভিযান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। গ্রাহকদের সঙ্গে বঞ্চনা করেন যেসব ডিলার তাঁদের জেলাভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার এবং বিধিবদ্ধ রেশন এলাকার ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, এই অভিযানের সময় চিহ্নিত ডিলারদের উপর বিশেষ নজর রাখতে হবে এবং প্রয়োজনে নিতে হবে ব্যবস্থা। খাদ্যদপ্তরের আধিকারিকদের বক্তব্য, রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সময়োপযোগী অনেক ব্যবস্থাই নেওয়া হয়েছে। তারপরও কিছু অভিযোগ উঠছে বলেই জনসম্পর্ক অভিযানে বিশেষ নজরদারি চলবে।
Advertisement
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, ওজনে ফাঁকি দেওয়ার কথা বলে ডিলারদের সম্পর্কে অনাবশ্যক অপপ্রচার করা হচ্ছে। এখন ওজনে কম দেওয়ার কোনও সুযোগ নেই। গ্রাহক যে স্লিপ পান তাতেই বিস্তারিত তথ্য থাকে এবং গ্রাহক এসএমএস’ও পান। তিনি বলেন, অনলাইন ব্যবস্থার ত্রুটির কারণে গ্রাহকরা কীভাবে বঞ্চিত হচ্ছেন, সেই ব্যাপারেই দপ্তরের খোঁজ নেওয়া উচিত। দু’দিনের অভিযানে গ্রাহক ও ডিলারদের থেকে নির্দিষ্ট তথ্য নিয়ে দপ্তরের শীর্ষ স্তরে রিপোর্ট দেওয়া হবে।



