Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রসিদ এক ল্যাবের, রিপোর্ট অন্যত্রর, বালুরঘাটে পুলিসের জালে দালাল

রসিদে একরকম, রিপোর্টে একেবারে ভিন্ন নাম। বেসরকারি একটি ল্যাবের রসিদ চুরি করে অন্য ল্যাবের রিপোর্ট দেওয়ার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস।

রসিদ এক ল্যাবের, রিপোর্ট অন্যত্রর, বালুরঘাটে পুলিসের জালে দালাল
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: রসিদে একরকম, রিপোর্টে একেবারে ভিন্ন নাম। বেসরকারি একটি ল্যাবের রসিদ চুরি করে অন্য ল্যাবের রিপোর্ট দেওয়ার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। বালুরঘাট শহর থেকে তাকে ধরা হয়েছে। অভিযোগ, ওই যুবক বেশকিছু রোগীর কাছে রক্ত পরীক্ষার নামে টাকা নিয়েছিল। তখন চুরি করা রসিদ ওই রোগীদের দেওয়া হয়। এদিকে বালুরঘাটের যে ল্যাবের রসিদ রোগীদের দেওয়া হয়েছিল, তারা বিষয়টি বিন্দুমাত্র জানে না বলে জানিয়েছে।
Advertisement
এদিকে রোগীরা দেখেন রসিদে যে ল্যাবের উল্লেখ ছিল, রিপোর্টে অন্য নাম রয়েছে। কলকাতার একটি ল্যাবের রিপোর্ট দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, কিছু একটা গোলমাল রয়েছে বুঝতে পেরে রোগীরা বালুরঘাটের সংশ্লিষ্ট ল্যাবে অভিযোগ জানান। ল্যাব কর্তৃপক্ষ তখন থানায় রসিদ চুরি হওয়ার লিখিত অভিযোগ দায়ের করে। পুলিস মঙ্গলবার দুপুরে অভিযুক্ত  সইজুল সরকারকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি কুমারগঞ্জে। সে একাংশ প্রাইভেট চেম্বারে রোগী আনার কাজ করে। ওই যুবকই বেশকিছু রোগীর কাছে বালুরঘাটের একটি ল্যাবের রসিদ দিয়ে রক্ত সংগ্রহ করেছিল। পরীক্ষার জন্য টাকাও নেওয়া হয়েছিল বেশি। কিন্তু শেষপর্যন্ত কলকাতার একটি ল্যাবের রিপোর্ট দেওয়া হয়। অভিযোগকারী বালুরঘাটের ওই ল্যাবের এক কর্তা বলেন, আমার ল্যাবের রসিদ চুরি কিংবা নকল করে রোগীদের কাছে বেশি টাকা তুলেছে অভিযুক্ত যুবক। এরপর সেই রোগীদের অন্য ল্যাবের রিপোর্ট দিয়েছে। সেই রোগীরা এসে আমাদের দোষারোপ করছিলেন। তখন জানতে পারি ওই যুবক আমাদের নাম ভাঙিয়ে এই প্রতারণা করছে। সে ভুল রিপোর্ট দিয়েছে কি না জানা নেই। তবে কলকাতার একটি ল্যাবের রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। 
বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, একটি ল্যাবের রসিদ চুরি করে রোগীদের থেকে টাকা নেওয়া হয়। এক্ষেত্রে অন্য ল্যাবের রিপোর্ট দেওয়া হয়েছিল। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ