অমরাবতী: রূপান্তরকামীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ২৪ বছরের তরুণ। তা মেনে নিতে না পেরে বৃহস্পতিবার আত্মঘাতী হলেন তাঁর মা-বাবা। অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত দম্পতির নাম সুব্বা রায়ডু (৪৫) ও সরস্বতী (৩৮)। একমাত্র সন্তান সুনীল কুমারের জন্য পাত্রী ঠিক করেছিলেন তাঁরা। বি টেক শেষ করে অটোরিকশা চালাতেন সুনীল। গত তিন বছর ধরে স্থানীয় রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন সুনীল। পাশাপাশি একজন রূপান্তরকামীর সঙ্গেও তাঁর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি সুনীলের বাবা-মা। তাঁরা চাইতেন না ছেলে ওই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখুক। হামেশাই ছেলের সঙ্গে এনিয়ে তাঁদের আকচা-আকচি লেগেই থাকত। আচমকা একদিন আত্মহত্যার চেষ্টা করেন সুনীল। তারপরই ছেলের জন্য পাত্রী স্থির করেন সুব্বা ও সরস্বতী। তা নিয়ে ছেলের সঙ্গে বিবাদ চরমে পৌঁছয়। রূপান্তরকামী বন্ধুর সঙ্গে আলাদা থাকতে শুরু করেন সুনীল। এরইমধ্যে এদিন সুব্বা ও সরস্বতীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, রূপান্তরকামী গোষ্ঠীর থেকে প্রায় দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন তরুণ। সেই টাকা ফেরত চেয়ে পরিবারের উপর চাপ দিতেন রূপান্তরকামী গোষ্ঠীর সদস্যরা। সেই ঘটনাও সুব্বা ও সরস্বতী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও অনুমান।



