নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ১০ বছর পর জেলা পরিষদের টোল সংগ্রহ নিয়ে জটিলতা কাটল। চলতি মাসেই রূপনারায়ণপুরে জেলা পরিষদের টোল প্লাজার বরাত দেওয়ার জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হচ্ছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সাধারণ সভায় এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুর ব্লকের রূপনারায়পুরে জেলা পরিষদের একটি রাস্তা রয়েছে। ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার সংযোগকারী ওই রাস্তার উপরই রয়েছে টোলপ্লাজাটি।
Advertisement
অবিভক্ত বর্ধমান জেলা থাকার সময় যে সংস্থা এই টোলপ্লাজা চালানোর বরাত পেয়েছিল তারাই এতদিন চালিয়ে আসছিল। ১০ বছর ধরে কোনও টেন্ডার না হওয়ায় প্রশ্ন উঠেছে। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জেলা ভাগ হওয়ার পর এই সংক্রান্ত কোনও নথী না থাকায় নতুন করে টেন্ডার ডাকা যায়নি। যা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে থাকে। অবশেষে দফায় দফায় বৈঠক করে আইনি জটিলতা কাটিয়ে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, তার আগে জেলা পরিষদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় রাস্তার উপর একটি সার্ভে করে। যাতে তারা জানতে পারে কত গাড়ি এই রাস্তায় টোল দিয়ে যাতায়াত করে। সেই ভিত্তিতে বছরে ৬০ লক্ষ টাকা বেস প্রাইস ধরে টেন্ডার ডাকতে চলেছে জেলা পরিষদ।
জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, আমরা সাধারণ সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি নতুন করে টোল সংগ্রহের জন্য টেন্ডার ডাকা হবে।
জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, আমরা সাধারণ সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি নতুন করে টোল সংগ্রহের জন্য টেন্ডার ডাকা হবে।



