ফ্লোরিডা: শহর থেকে অনেক দূরে মায়ামি পাম বিচ। বছরের অন্য সময়ে খুব একটা মানুষের দেখা দেখা মেলে না। এই অঞ্চলটা মূলত ট্যুরিস্টদের জন্যই বরাদ্দ। তবে গত তিন সপ্তাহ ধরে দিনরাত সর্বক্ষণ ফুটবল অনুরাগীদের ভিড় লেগেই রয়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই ইংল্যান্ড ও কুরাসাও এখানেই প্রস্তুতি সারছে। তবে তাতে কারো খুব একটা হেলদোল নেই। যাবতীয় আকর্ষণের কেন্দ্রে রোনাল্ডোর পর্তুগাল। কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অধরা মাধুরী লাভের স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পা রেখেছিলেন সিআরসেভেন। তবে গ্রুপ পর্বের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ড্রয়ের পরই প্রবল সমালোচনার মুখে পড়েন রোনাল্ডোরা। প্রকাশ্যে চলে আসে ফুটবলারদের মধ্যে ইগোর লড়াই। তবে পরের ম্যাচে রাজকীয় প্রত্যাবর্তন রবার্তো মার্তিনেজ ব্রিগেডের। উজবেকিস্তানকে ৫ গোলের মারা পরায় তাঁরা। ম্যাচে জোড়া লক্ষ্যভেদে যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দেন সিআরসেভেন। তবে কলম্বিয়ার বিরুদ্ধে ফের চুপসে যায় প্রত্যাশায় ফানুস। যার জেরে পাহাড় প্রমাণ চাপ কাঁধে নিয়েই বৃহস্পতিবার রাউন্ড অব ৩২’এর লড়াইয়ে মাঠে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচের যাবতীয় কেন্দ্রে রোনাল্ডো-মডরিচ দ্বৈরথ।
ক্লাব ফুটবলে দীর্ঘসময় রিয়ালের জার্সিতে খেলেছেন এই দুই তারকা। ক্রোট মিডিওর পাস থেকে একাধিকবার জাল কাঁপিয়েছেন সিআরসেভেন। তবে বিশ্বকাপের আসরে এই প্রথম একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন তাঁরা। তাও আবার কেরিয়ারের সায়াহ্নে। দু’জনেই প্রাইম টাইম পেরিয়েছেন অনেক আগেই। ৪০ পেরিয়েও যাবতীয় প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের জার্সিতে সেরাটা উজাড় করে দিচ্ছেন তাঁরা। তবে বৃহস্পতিবার টরন্টো স্টেডিয়ামে শেষ হবে এক তারকার অভিযান। আর অন্যজন এগিয়ে যাবেন অধরা মাধুরী লাভের দিকে। তাই পর্তুগিজ ও ক্রোটদের লড়াই ঘিরে টরন্টোয় চড়ছে পারদ।
শক্তির নিরিখে অবশ্যই বৃহস্পতিবার এগিয়ে পর্তুগাল। দলে ম্যাচ উইনারের ছড়াছড়ি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ, ভিতিনহা, পেড্রো নেতোরা যে কোনো দিন ম্যাচের রং দিতে পারেন। এছাড়া রক্ষণে ভরসা জোগাতে তৈরি রুবেন ডিয়াজ, হোয়াও কানসেলোরা। তবে কলম্বিয়ার বিরুদ্ধে ছন্নছাড়া পারফরম্যান্সের পর গোটা দলকে এক সুতোয় বাঁধাই চ্যালেঞ্জ কোচ মার্তিনেজের। অনুশীলনেও সেই প্রচেষ্টায় কোনো খামতি রাখছেন না নেতা রোনাল্ডো। বুধবার প্র্যাকটিসেও দেখা মিলল সেই ছবি। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে টানা দু’টি জয়ে নক-আউটের টিকিট নিশ্চিত করেন মডরিচরা। যদিও গত দু’টি আসরের তুলনায় এবারের ক্রোয়েশিয়া অনেকটাই দুর্বল। বৃহস্পতিবার সেটাই কাজে লাগাতে মরিয়া রোনাল্ডো অ্যান্ড কোং।