লিসবন: এক দশকের বেশি তাঁদের সম্পর্ক। জীবনের বহু চড়াই উতরাইয়ের সাক্ষী তাঁরা। অবশেষে চারহাত এক হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের। আগামী ৮ আগস্ট পর্তুগিজ মহাতারকার জন্মভূমি মাদেইরাতে আয়োজিত হতে চলেছে গ্র্যান্ড ওয়েডিং। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের ফুনশালের এক ঐতিহাসিক গির্জায় আগামী ৮ আগস্ট হতে চলেছে বিয়ের আয়োজন। এই শহরেই জন্ম রোনাল্ডোর। জীবন সংগ্রামও শুরু সেখানেই। তারপর লিসবন হয়ে যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। বাকিটা ইতিহাস। ফুটবল কেরিয়ারের সায়াহ্নে এসে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সিআরসেভেন। যদিও গোটা বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা। অবশ্য বিশ্বকাপ শুরুর আগে এই নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মেগা আসর শেষ হলেই জীবনের পরবর্তী ইনিংস শুরু করবেন। সেই মতো তাঁর বিয়ে নিয়ে জোর চর্চা গোটা বিশ্বে।



