নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ বহুদিনের। রাজ্যে পালাবদলের পরও কাজ সেভাবে হয়নি বলে অভিযোগ। রাস্তার বহু জায়গায় গর্ত। তবে দুর্গাপুজোর আগে সব রাস্তা মেরামত করার উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। অনেক জায়গায় প্যাচওয়ার্কের কাজ চলছে। পাশাপাশি সল্টলেকের একাধিক রাস্তার পিচ তুলে পূর্ণ সংস্কারের কাজও চলছে। বুলডোজার দিয়ে পুরনো পিচ খুঁড়ে তুলে ফেলা হচ্ছে। তারপর নতুন করে বিটুমিন দেওয়া হচ্ছে। উপরে ম্যাস্টিক কোটিং। সেই সঙ্গে কিছু রাস্তায় পাতা হচ্ছে কংক্রিটের ব্লক। সেখানে পুরনো পিচ খুঁড়ে তোলা হচ্ছে। তারপর পাতা হচ্ছে ব্লক।
সল্টলেকের সুশ্রুত, বৈশাখী, অনিন্দিতা আইল্যান্ড সহ একাধিক এলাকায় পুরনো রাস্তার পিচ সম্পূর্ণ খুঁড়ে তোলা হচ্ছে। তারপর কোথাও সংস্কার করা হবে। এতে নতুন রাস্তা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে বলে দাবি পুরসভার। প্রসঙ্গত রাজ্যে পালাবদলের পর সল্টলেকে রাস্তা সংস্কারের দাবি উঠেছিল। এ নিয়ে একাধিকবার পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিধাননগরের বিধায়ক ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তারপর কাজ শুরু হয়। সল্টলেক সহ বিধাননগর পুরসভায় প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে ১৯৩টি রাস্তা সংস্কার করা হচ্ছে। এর মধ্যে সল্টলেকের ভিতর মোট ৬৩টি রাস্তা সংস্কার করা হবে। ১৯৩টির মধ্যে সল্টলেক সহ বিধাননগরে ২২টি মূল রাস্তার উপর কংক্রিটের ব্লক পাতা হচ্ছে। সল্টলেকের ব্লকের ভিতরের রাস্তায় দেওয়া হচ্ছে পিচ এবং ম্যাস্টিক কোটিং।
যে রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ সেগুলির ক্ষেত্রে পুরো পিচ তুলে নতুন করে পিচ পাতা হচ্ছে অথবা ব্লক পাতা হচ্ছে। যেমন ১৩ নম্বর ট্যাঙ্কের একটি লেনে সম্পূর্ণ পিচ তুলে কংক্রিটের ব্লক পাতার কাজ শেষ হয়েছে। অন্য লেনে কাজ চলছে। সুশ্রুত আইল্যান্ড থেকে খালপাড়ের দিকের যাওয়ার রাস্তায় সম্পূর্ণ পিচ তুলে রাস্তা সংস্কারের কাজ চলছে। পুরসভার দাবি, পুজোর আগেই শহরের সব রাস্তা সংস্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই দ্রুতগতিতে কাজ চলছে। নিজস্ব চিত্র