Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বছর আগে টেন্ডার হলেও রাস্তা হয়নি, ক্ষুব্ধ বাসিন্দারা

প্রায় চার বছর আগে পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে প্রায় ১৫০ মিটার রাস্তার কাজের টেন্ডার করা হয়।

চার বছর আগে টেন্ডার হলেও রাস্তা হয়নি, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রায় চার বছর আগে পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে প্রায় ১৫০ মিটার রাস্তার কাজের টেন্ডার করা হয়। এখনও পর্যন্ত সেই কাজ শুরু হয়নি বলে দাবি করলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার স্বপ্না হালদার। তাঁর কথায়, অতীতে জেলা প্রশাসন, পুরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানালেও লাভ হয়নি।

Advertisement

এদিকে কাজ শুরু না হওয়ায় হাঁটাচলা করতে স্থানীয় মানুষের ভোগান্তির অন্ত থাকছে না। রাস্তা না হওয়ায় স্থানীয়রা কয়েক বছর আগে নিচু জায়গায় নিজেদের অর্থ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করেন। সেটিও এখন বেহাল হয়ে রয়েছে। চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয়রা ক্ষোভ উগরে দেন।
ভুক্তভোগী বাসিন্দা লক্ষণ হালদার বলেন, মাত্র ১৫০ মিটার রাস্তা। এর আগে টেন্ডার হওয়ার পর একাধিক বার মাপা হলেও হয়নি। ওই রাস্তা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। ওই পথ দিয়ে স্থানীয়রা শিবমন্দিরে যান। যুবকেরা বিকেলে মাঠে খেলতে যান। আমাদের যেতে খুবই সমস্যা হচ্ছে। পুরসভা বিষয়টি খতিয়ে দেখলে ভালো হয়।
আরও এক ভুক্তভোগী অতসী হালদার বলেন, রাস্তা নেই। সাঁকো পথ দিয়ে চলতে গিয়ে আমি বেশ কয়েকবার পড়ে গিয়েছি। বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি ছাড়া কিছুই হয়নি।
বিষয়টি নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপ্না হালদার বলেন, ১৫০ মিটার রাস্তা করার জন্য ২০২১ সালে টেন্ডার হয়। প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা করার কথা ছিল। কাজটি পান প্রাক্তন কাউন্সিলারের এক আত্মীয়। তাঁরা হেরে যাওয়ায় আর কাজ হয়নি। ২০২২ সালে আমি ক্ষমতায় এসে জেলা প্রশাসন সহ বিভিন্ন মহলে বিষয়টি জানালেও কাজ হয়নি। চেয়ারম্যান এবারের দুর্গাপুজোর আগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের জায়গা দেখে নিতে বলব। রাস্তাটি কেমন অবস্থায় রয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলারের সঙ্গে কথা বলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ