Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ব সাইকেল দিবস উদযাপনে সড়ক নিরাপত্তার বার্তা রাজ্যের

আগামী ৭ জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে কর্মসূচি নিচ্ছে প্রশাসন।

বিশ্ব সাইকেল দিবস উদযাপনে সড়ক নিরাপত্তার বার্তা রাজ্যের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৭ জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে কর্মসূচি নিচ্ছে প্রশাসন। নিউটাউন ইকো পার্কে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করেছে পঞ্চায়েত দপ্তর। এছাড়াও যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে জেলা, মহকুমা ও ব্লকস্তরে সাইকেল র‌্যালির মাধ্যমে মানুষের কাছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার ১ কোটি ১৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছে।

Advertisement

এই কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার জনপ্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এনএসএস-এনসিসি স্বেচ্ছাসেবক, ক্রীড়াবিদ, সরকারি কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সাইক্লিং অনুরাগীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সর্বত্রই সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। 
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন এবং ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির অংশ হিসাবেও এ বছর বিশ্ব সাইকেল দিবস উদযাপন করা হবে। 
অংশগ্রহণকারীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্য সরকারের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী জেলাগুলিকে জেলা, মহকুমা ও ব্লক স্তরে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সর্বাধিক বরাদ্দ পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেখানে মোট ৮ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ (৮.২০ লক্ষ টাকা), পূর্ব মেদিনীপুর (৭.৬০ লক্ষ টাকা), উত্তর ২৪ পরগনা (৭.৪০ লক্ষ টাকা) এবং পূর্ব বর্ধমান (৭.২০ লক্ষ টাকা) উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ